গাজায় চলমান যুদ্ধ শেষ না হওয়া এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
সোমবার (২২ জুলাই) নিউইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি আরবের স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। গাজায় যখন প্রতিনিয়ত গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা অর্থহীন।”
সংবাদ সম্মেলনের আগে ফয়সাল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন, যা সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’ বাস্তবায়ন।
প্রিন্স ফয়সাল আরও বলেন, “আমরা আশা করি আজকের এই সম্মেলন এবং আগামীকাল যে দিকনির্দেশনা তৈরি হবে, তা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। সেই ভিত্তিতেই ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিককরণ বিষয়ে আলোচনা সম্ভব হবে।”
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল প্রশ্নে সৌদি আরবের এ মন্তব্য রিয়াদের সবচেয়ে সুস্পষ্ট অবস্থান। এ বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
প্রিন্স ফয়সালের ভাষ্য অনুযায়ী, “প্রথমে গাজায় যুদ্ধ বন্ধ হতে হবে, মানবিক দুর্ভোগ লাঘব করতে হবে। এরপরই আলোচনা শুরু হতে পারে—সেটিও তখনই, যদি একটি স্বাধীন, স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়।”