ফেনী জেলায় টানা ভারী বর্ষণে সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অতিবৃষ্টির পাশাপাশি ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান, মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। তিনি সতর্ক করে বলেন, ‘‘অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর বিষয়ে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।’’
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলার বিভিন্ন স্থানে দুই দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। তিনি আরও জানান, আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।