ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে: মির্জা ফখরুল

০ মতামত 61 views

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ সঠিক পথে বা ‘রাইট ট্র্যাকে’ ফিরে আসবে। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা মনে করি, একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। আর সেই পথেই দেশ এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থান আমাদের যে নতুন পথ দেখিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় সরকারবিরোধী দমন-পীড়নের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব দাবি করেন, “বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, হাজার হাজার প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব অন্যায়-নির্যাতনের অবসান ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে।”

মির্জা ফখরুলের এ বক্তব্যকে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত বলেই দেখছেন বিশ্লেষকরা।

Leave a Comment