ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

০ মতামত 38 views

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে তারা গণপরিষদের নির্বাচনে অংশ নিতে চান। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে তার মনে হচ্ছে না।

রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি। সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও নির্বাচন হলে আমাদের আপত্তি নেই।”

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “নির্বাচন পেছানো বা আসন সমঝোতার মতো কথা সবই গুজব। এগুলো মিথ্যা প্রোপাগান্ডা। আমাদের কাছে নির্বাচনের সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে যেন বলতে পারি—পরিবর্তনটা আমরা এনেছি, অথবা জুলাইয়ের ফলে এসেছে। তাই সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।”

Leave a Comment