তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। এ ঘটনার পর সিটি ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) রাতভর সংঘর্ষের পর সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে যে, ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার সন্ধ্যা ৬টার পর আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মীর আক্তার হোসেন।
সংঘর্ষ ও অগ্নিসংযোগে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস ও আশপাশের এলাকা তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে সোমবার দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটির পাশে থেকে ক্ষতিপূরণে সহযোগিতা করবে।