বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

০ মতামত 32 views

আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিএনপির আত্মপ্রকাশ ঘটান। এ উপলক্ষে দলটি দেশব্যাপী আলোচনা সভা, শোভাযাত্রা ও নানা কর্মসূচি গ্রহণ করেছে।

প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। তাঁর মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে আসেন তাঁর স্ত্রী খালেদা জিয়া। ১৯৮৩ সালের ১৩ জানুয়ারি তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই বছরের মার্চে দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৪ সালের ১০ মে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। তবে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তিনি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাভোগের পর ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। ২০২৪ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে তাঁর মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হয়। বর্তমানে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং রাজনীতিতে সক্রিয় নন।

২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখান থেকেই দল পরিচালনা করছেন।

দলের ইতিহাসে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় ছিল। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে তারা প্রথমবার সরকার গঠন করে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে আবারো সরকার গঠন করলেও ৪৫ দিনের মাথায় পদত্যাগ করতে হয়। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারা পুনরায় সরকার গঠন করে, যা ছিল তাদের সর্বশেষ মেয়াদ। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে দলটি ক্ষমতার বাইরে রয়েছে।

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলের প্রতিষ্ঠালগ্নের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

Leave a Comment