প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, যারা বিগত তিনটি জাতীয় নির্বাচনকে বৈধ বলে ‘রায়’ দিয়েছেন, এমন বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে না।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “কানাডার হাইকমিশনার জানতে চেয়েছেন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে। আমরা বিস্তারিত জানিয়েছি—ভোটারদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারসহ বিভিন্ন বিষয়।”
তিনি আরও বলেন, “এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে তারা আমাদের পরামর্শ দেবে। কানাডা আমাদের নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে সন্তুষ্ট এবং তারা ব্যালট প্রকল্পসহ বিভিন্নভাবে সহযোগিতা করতে আগ্রহী।”
তবে সিইসি স্পষ্ট করে বলেন, “যারা বিগত তিনটি নির্বাচনকে ‘বৈধ’ বলে মত দিয়েছিলেন, তাদের এবার পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।” এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনী নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি।