বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশেষায়িত প্রশিক্ষণ দিচ্ছেন ইংল্যান্ডের কোচ জুলিয়ান উড। সম্প্রতি দলের অনুশীলনে তিনি খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিয়েছেন একটি নতুন ধরনের ব্যাট—প্রো-ভেলোসিটি ব্যাট।
এই ব্যাটটি দেখতে ভারী রডের মতো হলেও এটি মূলত ব্যাটসম্যানদের শারীরিক ও টেকনিক্যাল স্কিল উন্নয়নে ব্যবহৃত একটি ট্রেনিং টুল। ব্যাটারদের শট মেকিং, ব্যাটিং সিকোয়েন্স এবং কমপ্যাক্ট টেকনিক শেখাতে কার্যকর এই ব্যাট।
বিসিবি’র প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে প্রো-ভেলোসিটি ব্যাট ব্যবহার করে বিভিন্ন ধরণের শট—ড্রাইভ, স্কয়ার কাট, পুল এবং শ্যাডো শট—অনুশীলন করাচ্ছেন উড। ব্যাটটি খেলোয়াড়দের হাত-চোখের সমন্বয়, ব্যাটের টাইমিং এবং শট নির্বাচনে সহায়তা করে।
প্রো-ভেলোসিটি ব্যাটের বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে রয়েছে একটি স্লাইডিং ব্যারেল এবং আটটি রেজিস্ট্যান্স ব্যান্ড, যা ব্যাটের গতি নিয়ন্ত্রণ করে। ব্যাটার যখন ব্যাট দ্রুত চালানোর চেষ্টা করেন, তখন একটি ডাবল ক্লিক শব্দ শোনা যায়। এটি ইঙ্গিত দেয় যে ব্যাটের গতি ও মেকানিকস সঠিক রয়েছে।
বাংলাদেশে আসার পর প্রাথমিকভাবে নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেন জুলিয়ান উড। এরপর স্থানীয় কোচদের সঙ্গে কাজ করেন তিনি। সর্বশেষ গত শুক্রবার তিনি জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের সঙ্গে পাওয়ার হিটিং অনুশীলনে সময় দেন।
73