ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

০ মতামত 93 views

আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ সারা দেশের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর এ তালিকা নিয়ে দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (২০ আগস্ট) জেলা নির্বাচন অফিসারদের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানায় ইসি। নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে প্রণীত ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ ইতোমধ্যে কমিশনে অনুমোদিত হয়েছে এবং তা গত ২৬ জুন গেজেটে প্রকাশিত হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর অন্তত ২৫ দিন আগে গেজেটে প্রকাশ করার বিধান রয়েছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকাভিত্তিক খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি এবং পরবর্তীতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Leave a Comment