ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের কোকিল গ্রামে গড়ে উঠেছে দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করা মোহাম্মদ শরীফুল ইসলাম সঞ্জুর উদ্যোগে প্রতিষ্ঠিত খামারটির নাম ‘সঞ্জু হর্স ফার্ম’। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মাস্টারের ছেলে সঞ্জুর খামারে বর্তমানে রয়েছে দেশি ও বিদেশি দ্রুতগতির ১০টি ঘোড়া, যার মধ্যে সিন্দি, মারোয়াড়ি ও নোকড়া জাতের ঘোড়া উল্লেখযোগ্য। প্রতিটি ঘোড়ার মূল্য ২ থেকে ৫ লাখ টাকা।
সঞ্জুর ঘোড়ার প্রতি ভালোবাসা শৈশব থেকেই। ২০০৭ সালে মায়ের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে প্রথম ঘোড়া কিনে রেসে অংশ নেন এবং সাফল্য অর্জন করেন। তবে প্রিয় ঘোড়ার মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করলেও স্বপ্ন ছাড়েননি। ২০২১ সালে ভারতের রাজস্থান ও পাঞ্জাব থেকে ঘোড়া এনে বাণিজ্যিকভাবে খামার শুরু করেন তিনি।
প্রথম দিকে স্থানীয়দের ঠাট্টা-বিদ্রুপ সইতে হলেও এখন প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মানুষ খামার দেখতে ও ঘোড়া কিনতে আসেন। ইতোমধ্যে সেনাবাহিনী ও আনসার একাডেমি তার খামার থেকে ঘোড়া কিনেছে, পাশাপাশি উচ্চবিত্ত শখের বশে এসব ঘোড়া সংগ্রহ করছে। সঞ্জুর মতে, বাংলাদেশের আবহাওয়ায় মারোয়াড়ি ও সিন্দি জাতের ঘোড়া রেসের জন্য উপযুক্ত এবং রোগবালাইও কম হয়।
তিনি বলেন, “বাংলাদেশে ভালো মানের ঘোড়ার খামার নেই, ফলে প্রতিবছর বিদেশ থেকে ঘোড়া আমদানি করতে হয়। সরকারি সহযোগিতা পেলে দেশেই উচ্চমানের ঘোড়া উৎপাদন ও রপ্তানি সম্ভব।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম জানান, খামারের সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, ঘোড়ার প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।