মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থী অপর এক সহপাঠীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার রান্নাঘরের পাশে ১৩ বছর বয়সী শিক্ষার্থী মো. এহসানুল হক নাবিল ও ৮ বছর বয়সী মো. আশরাফুল ইসলাম রাফির মধ্যে জুতা ছোড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাবিল রান্নাঘরে থাকা পেঁয়াজ-মরিচ কাটার ছুরি দিয়ে রাফিকে একাধিকবার আঘাত করে। ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
নিহত রাফি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত নাবিলের বাড়ি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামে, তার পিতার নাম হেলাল মিয়া।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, অভিযুক্ত নাবিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।