মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) আবারও আটকে দেওয়া হয়েছে একদল বাংলাদেশিকে। পর্যটন ভিসায় দেশটিতে পৌঁছালেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) কেএলআইএ টার্মিনাল-১-এ রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করে।
অভিযানে মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হন। ফলে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।
একেপিএস-এর এক বিবৃতিতে বলা হয়, যাত্রীদের অধিকাংশই বাংলাদেশ থেকে ভোররাতের ফ্লাইটে এসে পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের কঠোর যাচাই-বাছাই এড়াতেই তারা এমন সময় বেছে নেন।
সংস্থাটি আরও জানায়, অনেক যাত্রীর হোটেল বুকিং ছিল ভুয়া, কারও কাছে রিটার্ন টিকিট ছিল না এবং পর্যাপ্ত অর্থের প্রমাণও দেখাতে পারেননি। এতে ধারণা করা হচ্ছে, তারা মালয়েশিয়ায় প্রবেশ করে পর্যটন ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিলেন।
বিবৃতিতে বলা হয়, “সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
78