মিছিল নয়, সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো : শিবির সভাপতি

০ মতামত 36 views

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপিসহ শীর্ষ পদগুলোতে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তবে বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি নেতাকর্মীদের সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করার অনুরোধ জানিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে শিবির সভাপতি জাহিদুল ইসলাম লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো বিজয় মিছিল করবো না। শুধুমাত্র মহান রবের দরবারে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর বিশেষ দান। আমরা অহংকারী হবো না; সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো।”

তিনি আরও লেখেন, “স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।”

ঘোষিত ফলাফলে দেখা যায়, ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট এবং শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট।

জিএস পদে ঐক্যবদ্ধ জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে ঐক্যবদ্ধ জোটের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

Leave a Comment