টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে ভোরের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই হালকা বৃষ্টিপাত হওয়ায় গরমের প্রখরতা কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে অফিসগামীদের পড়তে হয়েছে সামান্য ভোগান্তিতে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।