রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় ডিবির মতিঝিল ও গুলশান বিভাগের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সবুজবাগ থানার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রনি (৩৭), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০), চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩) এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান (৫০)।
ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
শনিবার (১৫ নভেম্বর) সকালে মিরপুর-১১ থেকে বাবলুর রহমান বাবলুকে আটক করে গুলশান বিভাগের একটি টিম। একই সকাল মিরপুর এলাকায় পৃথক অভিযানে শরীফ হোসেন দুদু ও মোস্তাফিজুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।
ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।