প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। তবে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ। মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে, তাই তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা কঠিন কাজ হবে।”
সিইসি জানান, ভোটের তারিখ তফসিল ঘোষণার অন্তত দুই মাস আগে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, “ইসি কোনো দল বা গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। আমরা দেশের ১৮ কোটি মানুষের পক্ষ থেকে কাজ করছি।”
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা প্রতিহত করার চেষ্টা করছে কমিশন।
ভোটাধিকার প্রয়োগে সবাইকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, “ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্বও।”
তিনি আশ্বাস দেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ইসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।