শেখ হাসিনাসহ ৪৪২ জনের নামে হত্যা মামলা

০ মতামত 31 views

জুলাইয়ের গণঅভ্যুত্থানে গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী ইলিম হোসেন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় মোট ৪৪২ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাতে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন নিহতের ছোট ভাই আবু সাইদ ওরফে রাজু। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার বাসিন্দা।

এজাহার অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৪২ বছর বয়সী ব্যবসায়ী ইলিম হোসেন। ঘটনার প্রায় এক বছর পর দায়ের হওয়া মামলায় উল্লেখ করা হয়, “সেদিন পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়, যাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইলিম।”

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৩০০ থেকে ৪০০ জনকে মামলার আসামি করা হয়েছে।

বাদী পক্ষের দাবি, ওইদিন আন্দোলনে অংশ নেওয়া অন্তত ৩৪১ জন ছাত্র ও সাধারণ মানুষকে সারা দেশে হত্যা করা হয়, যা একটি সুপরিকল্পিত দমন অভিযানের অংশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলাটি এখনো যাচাই-বাছাইাধীন এবং তদন্ত শুরুর আগে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

Leave a Comment