শেরপুরে পানি নিস্কাশনের দাবিতে হাঁটুপানিতে দাড়িয়ে মানববন্ধন

০ মতামত 100 views

বগুড়ার শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা পশ্চিমপাড়া, রহমতপুর ও রহমতপুর পূর্বপাড়া এলাকার প্রায় এক হাজার পরিবার চার মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় পানিবন্দি অবস্থায় হাঁটুপানিতে দাঁড়িয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন স্থানীয় আলতাফ হোসেন, জালাল উদ্দিন, আব্দুল লতিফ, লিটন, সোহাগ, উজ্জ্বল, আসাদুল, সানোয়ার হোসেন, স্বপন, সেলিনা, আফরোজা প্রমুখ।

বক্তারা জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা শুরু থেকে ঘরবাড়ি, রাস্তা, স্কুল, মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠান পানিতে ডুবে রয়েছে। শিশুদের স্কুলে যাওয়া, নামাজ আদায়, রোগী পরিবহনসহ সব কার্যক্রমই ব্যাহত হচ্ছে। অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, স্থায়ী ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না হলে আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

এ বিষয়ে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, “এ বছর বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণ জরুরি। আমরা ইতিমধ্যে জরিপ করেছি, দ্রুতই স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

Leave a Comment