ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) ছিল প্রচারণার শেষ দিন। এখন শুধু ভোটের অপেক্ষা। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত নির্বাচন।
ছয় বছর পর আবারও ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রজন্মের অনেক শিক্ষার্থীর জন্য এটাই প্রথম ভোটের অভিজ্ঞতা। ফলে নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ হবে। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন।
প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে পারবেন। সহযোগী রিটার্নিং কর্মকর্তা শারমীন কবীর জানিয়েছেন, দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল ব্যালট পেপার ছাপানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে শিক্ষক সংগঠনগুলোর ভিন্ন ভিন্ন উদ্যোগ দেখা গেছে। ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) ১০ দফা প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শিক্ষক নেটওয়ার্ক সংবাদ সম্মেলন করে অনিয়মের আশঙ্কা জানিয়ে ১০ দফা দাবি তুলেছে।
ভোটকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সোমবার বিকেল থেকে ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এছাড়া রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ থাকবে। বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাই কেবল ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।