সংসদ নির্বাচনে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

০ মতামত 33 views

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে এ অর্থ দেওয়া হবে। পুরো প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮.৫৩ মিলিয়ন ডলার।

বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে ইসি ও ইউএনডিপির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও।

এর আগে, গত ১৮ জুন অস্ট্রেলিয়া একই প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়।

ইসি সূত্র জানায়, এ চুক্তির আওতায় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার, নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজের অনগ্রসর গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করা হবে। সেই সঙ্গে নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যও রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিইসি নাসির উদ্দিন বলেন, “জাপানের এই সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “বাংলাদেশ এখন গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। এই সহায়তা সেই লক্ষ্যেই দেওয়া হচ্ছে।”

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জাপানের উদারতা এবং দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই সহায়তা একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক হবে।”

অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “জাপান আজ ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আশা করি, ইসি এই অর্থ যথাযথভাবে কাজে লাগাবে। ইউএনডিপি এরইমধ্যে সহায়তা দিয়ে আসছে এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।”

Leave a Comment