সাইনাসের যন্ত্রণায় ঘরোয়া প্রতিকার

০ মতামত 21 views

শীত মানেই কুয়াশাচ্ছন্ন সকাল আর হিমেল হাওয়া। কিন্তু এই মনোরম আবহাওয়ার সাথেই ফিরে আসে সাইনাসের অবর্ণনীয় কষ্ট। দূষণ আর তাপমাত্রার ওঠানামায় সাইনাসে সংক্রমণ হয়ে তীব্র মাথাব্যথা ও নাক বন্ধ হওয়ার মতো সমস্যা দেখা দেয়। তবে ঘাবড়ানোর কিছু নেই! জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলেই এই শীতেও আপনি থাকতে পারেন সুস্থ।

১. প্রচুর পানি ও তরল খাবার

সাইনাস থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো শরীরকে হাইড্রেটেড রাখা। বেশি করে পানি পান করলে সাইনাসে জমা মিউকাস বা ময়লা পাতলা হয়ে যায় এবং সহজেই শরীর থেকে বেরিয়ে যায়। শীতের সময় কুসুম কুসুম গরম পানি বা পুষ্টিকর স্যুপ খেলে দ্রুত আরাম পাওয়া যায়।

২. জাদুকরী ঘরোয়া পানীয়

সাইনাসের সংক্রমণ দূর করতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন একটি বিশেষ পানীয়।

  • উপকরণ: ১ চামচ অ্যাপল সাইডার ভিনেগার, আদাকুচি, লেবু, গোলমরিচ, আধা চামচ হলুদ ও ৩-৪ কোয়া রসুন।
  • প্রস্তুত প্রণালি: এক গ্লাস পানিতে সব উপকরণ দিয়ে ফুটিয়ে নিন। সামান্য ঠান্ডা হলে তাতে এক চামচ মধু মিশিয়ে চায়ের মতো ছোট ছোট চুমুকে পান করুন। এটি প্রাকৃতিকভাবে অ্যান্টি-বায়োটিকের কাজ করবে।

৩. ভাপ বা স্টিম ইনহেলেশন

নাকের পথ পরিষ্কার রাখতে নিয়মিত ভাপ নেওয়ার কোনো বিকল্প নেই। একটি পাত্রে গরম পানি নিয়ে মাথায় তোয়ালে চাপা দিয়ে সেই ভাপ গ্রহণ করুন। ভালো ফল পেতে পানির সাথে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে নিতে পারেন। এটি আপনার বন্ধ নাক নিমেষেই খুলে দেবে।

৪. পরিচ্ছন্নতা ও ভাইরাস থেকে সুরক্ষা

ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেই সাইনাসের সমস্যা বাড়ে। তাই বাইরের ধুলোবালি থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। খাওয়ার আগে বা চোখে-মুখে হাত দেওয়ার আগে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিন।

৫. ঘরের পরিবেশ রাখুন ধুলাবালিমুক্ত

ঘরবাড়ি যত পরিষ্কার থাকবে, সাইনাসের ঝুঁকি তত কমবে। নিয়মিত বিছানার চাদর, বালিশের কভার, পর্দা ও কার্পেট পরিষ্কার করুন। আপনার ঘরে যদি পোষ্য থাকে, তবে তাদেরও নিয়মিত পরিচ্ছন্ন রাখুন, যাতে লোম বা খুশকি থেকে অ্যালার্জি না হয়।


সতর্কতা: সাইনাসের সমস্যা যদি খুব বেশি বেড়ে যায় বা শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়, তবে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Comment