বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সাদিক কায়েম নিজেকে পরিচয় দিলেও, এটি ‘পরে গ্রহণ করা পরিচয়’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “সাদিক কায়েম কখনোই ওই ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না। ৫ আগস্ট থেকে সে নিজেকে এ পরিচয়ে তুলে ধরতে শুরু করে।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন এনসিপির এ শীর্ষ নেতা।
স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যেরও বিরোধিতা করেন তিনি। ফখরুল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছাত্রদের পক্ষ থেকে জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা তারা পাননি— অন্য মাধ্যমে তা এসেছে।
এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি মহাসচিবের বক্তব্য সঠিক নয়। ৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার চাই। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল বৈঠক হয়।”
তিনি আরও বলেন, “সেই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়। তবে তারেক রহমান তা প্রত্যাখ্যান করেন। তিনি নাগরিক সমাজের সদস্যদের নিয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনের পরামর্শ দেন। তখন আমরা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার প্রস্তাব দিয়েছিলাম।”
নাহিদ ইসলামের এই বক্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, আন্দোলনের সমন্বয় কাঠামো এবং ছাত্রদের দাবিকে কেন্দ্র করে বিরোধীদলের সঙ্গে বাস্তব যোগাযোগ কতটা সুসংহত ও স্বচ্ছ ছিল।