কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু ঘিরে সম্প্রতি তৈরি হওয়া আলোচনা ও গুজবের বিষয়ে মুখ খুলেছেন তার সাবেক সহ-অভিনেত্রী জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
২৯ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনার প্রেক্ষিতে আদালতের নির্দেশে সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বর্তমানে বিদেশে অবস্থানরত শাবনূর জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি মামলার বিষয়টি জানতে পেরেছেন।
শাবনূর বলেন, মামলাটি বিচারাধীন থাকায় শুরুতে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এসব গুজব ও ভ্রান্ত প্রচারের তীব্র নিন্দা জানিয়ে শাবনূর সবাইকে সত্যতা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
প্রয়াত সালমান শাহকে নিজের প্রিয় সহ-অভিনেতা হিসেবে উল্লেখ করে শাবনূর বলেন, “আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান ও প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে।”
তিনি আরও জানান, সালমান শাহর অকাল মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে আঘাত করেছিল।
শাবনূর আরও জানান, “সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়েছিল। এসব জলঘোলা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে।”