সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করে সিরিজ জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। পাল্লেকেল্লেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
দিনের শুরুতে বল হাতে ভালো সূচনা এনে দেয় বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারের প্রথম বলেই সাকিব তুলে নেন মাদুস্কার উইকেট। স্লিপে শান্তর দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন এই ওপেনার।
তবে এরপরই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ব্যাটে শক্ত ভিত গড়ে তোলে দলটি। যদিও ৩৫ রানে খেলতে থাকা নিশাঙ্কাকে ফেরান বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এরপর কামিন্দু মেন্ডিসকেও দ্রুত ফিরিয়ে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তবে ১০০ রানে তিন উইকেট হারানোর পর দৃঢ়তা দেখান অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা। ১২৪ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান এই দুই ব্যাটার। ফিফটি তুলে নেওয়ার পর ৫৮ রান করে আউট হন আসালঙ্কা। তাকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ।
অন্যদিকে, দারুণ এক সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। ৯৫ বলে শতক স্পর্শ করার পর ধীরস্থির ব্যাটিং করলেও শেষ পর্যন্ত ১২৪ রানে থেমে যান তিনি। শামীম হোসেনের দুর্দান্ত রিটার্ন ক্যাচে কাটা পড়েন শ্রীলঙ্কার অধিনায়ক।
শেষ দিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তিনশ রানের গণ্ডি ছুঁতে পারেনি শ্রীলঙ্কা। ৫০ ওভারে তাদের স্কোর থামে ২৮৫ রানে।
এখন এই ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান।