আন্তর্জাতিক ডেস্ক | ৩০ জুলাই ২০২৫, বুধবার
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের উপকূলীয় এলাকাগুলোতে সুনামির আঘাতের আশঙ্কায় রাজধানী টোকিওসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
জাপানের আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, মোট ২১টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চল থেকে এখন পর্যন্ত ১৯ লাখ ৫৫ হাজার ৫৯৬ জনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে হোক্কাইডো, কানাগাওয়া এবং ওয়াকায়েমা দ্বীপ অঞ্চল থেকে।
ভূমিকম্পটি বুধবার ভোরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে আঘাত হানে। এর কিছুক্ষণ পরই ৬ দশমিক ৯ মাত্রার আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ প্রথমে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে আছড়ে পড়ে।
রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের জেরে পুরো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, রাজধানী টোকিওসহ বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে সুনামির ঢেউ আঘাত হেনেছে। তবে আশঙ্কার তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সেসব অঞ্চলে ৩০ থেকে ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।
উপকূলীয় এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে সর্তকতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনগণকে উঁচু স্থানে অবস্থান করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স, জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি, এএফডি