রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সাংবাদিকদের জানান, “ভবনের ৫ম তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”
তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আতঙ্কে দোকানিরা, নিরাপত্তা নিশ্চিতে মাইকিং
জানা গেছে, আগুনের সূত্রপাত ভবনের ৫ম তলার একটি গোডাউনে হলেও ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য তলায় থাকা দোকানিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে মাইকিং করে দোকানিদের ভবন থেকে বের হয়ে আসার অনুরোধ জানান।
নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেট এলাকায় জনসাধারণের ভিড় নিয়ন্ত্রণে রাখা হয় এবং আগুন নির্বাপণে সহযোগিতার আহ্বান জানানো হয়।
তদন্ত চলমান
ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।