সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩-৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮°সে.) বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।
প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। তবে ভারি বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ৩-৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৫-৭ ঘণ্টা।
গত আগস্ট মাসে দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ১.২ শতাংশ বেশি হয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম এবং অন্যান্য বিভাগে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।