সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১,৯৫,৩৮৪ টাকা

০ মতামত 29 views

দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। নতুন করে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম বাড়ানো হয়েছে ২,৪১৫ টাকা। এতে প্রতি ভরি সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ১,৯৫,৩৮৪ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর সোনার দাম বাড়িয়ে প্রতি ভরি নির্ধারণ করা হয়েছিল ১,৯৪,৮৫৯ টাকা, যা তখন পর্যন্ত দেশের সর্বোচ্চ মূল্য ছিল। তবে ২৮ সেপ্টেম্বর সেই দাম কিছুটা কমানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবারও মূল্য বাড়িয়ে রেকর্ড সৃষ্টি করা হলো।

Leave a Comment