কাতারে পরিচালিত বিমান হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একইসঙ্গে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি। ভবিষ্যতে কাতারে আর কোনও হামলা চালানো হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু।
সোমবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে নেতানিয়াহু টেলিফোনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং কাতারে হামলার ঘটনায় গভীর অনুশোচনা প্রকাশ করেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, “কাতারে হামাসকে লক্ষ্য করে পরিচালিত এক অভিযানে কাতারি নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। এছাড়া হামাসের সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আলোচনার সময় হামলা চালিয়ে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্যও তিনি অনুতাপ প্রকাশ করেছেন।”
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে “গঠনমূলক” ও “আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বার্তা” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতার সবসময়ই দায়িত্বশীল ভূমিকা রাখতে প্রস্তুত।”
এই ঘটনায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ইসরায়েল-কাতার সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়ে।