হাসিনার লুটপাটের থিমে চারটি নতুন পোস্টার প্রকাশ

০ মতামত 52 views

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে আওয়ামী আমলে সংঘটিত লুটপাটের প্রেক্ষাপটে চারটি নতুন পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শনিবার (৫ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে অফিসিয়াল ফেসবুক পেজে এসব পোস্টার উন্মোচন করা হয়। ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৫ থেকে ৮ নম্বর পোস্টারগুলো এঁকেছেন শিল্পী দেবাশিস চক্রবর্তী।

পোস্টের ক্যাপশনে বলা হয়, “আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমি আসছি মানুষকে দিতে”—মুখে এমন বুলি ছুঁড়ে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুললেও ভেতরের চিত্র আজ স্পষ্ট। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে লাগামহীন ও অবিশ্বাস্য স্কেলের লুটপাট হয়েছে, তা আওয়ামী আমলের অন্যতম নির্দেশক।

শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এই পোস্টারগুলো তৈরি করেছেন। শুরুতে দশটি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও জনসাধারণের আগ্রহের প্রেক্ষিতে শিল্পী সংখ্যা বাড়াতে রাজি হয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধারাবাহিক এসব পোস্টারে উঠে আসবে জুলাই অভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠার কারণ এবং সেই সময়কার গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ।

উল্লেখ্য, মাসব্যাপী ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শুরু হয়েছে ১ জুলাই থেকে। এতে রয়েছে স্মারক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পোস্টার প্রদর্শনী।

Leave a Comment