হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা

০ মতামত 45 views

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে তার স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ অন্যতম। পুলিশ জানিয়েছে, তারা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে গত ১৭ জুলাই ওই বাসায় যান এবং সেখানে একজন পলাতক আসামি আছে বলে পুলিশের উপস্থিতি নিশ্চিত করেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন্স) মো. নজরুল ইসলাম বলেন, “আমার কাছে মনে হয়েছে, এই ছেলেরা ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে, ‘আমরা কিন্তু যখন-তখন আপনাকে ধরিয়ে দিতে পারি।’ এরপরই তারা টাকা নেয়।”

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্র জানায়, বাসায় কোনো পলাতক আসামি না পাওয়ায় পুলিশ ফিরে গেলেও, ওই নেতারা অস্ট্রেলিয়া প্রবাসী সিদ্দিক আবু জাফরকে মামলা ও গ্রেফতারের হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায় করেন। চাঁদা দাবি চলতে থাকে—পরবর্তীতে আরও ৪০ লাখ টাকা দাবি করে তারা দুই দফায় বাসায় যান এবং ফোনেও হুমকি দেন।

পুলিশ জানায়, চাঁদাবাজির ঘটনার খবর পেয়ে গুলশান থানার একটি টিম বিষয়টি নজরদারিতে রাখে। গত শনিবার (২৬ জুলাই) আবার টাকা নিতে গেলে রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে গুলশান থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া পাঁচজন ছাড়াও কাজী গৌরব ওরফে অপু নামের একজন ও আরও ১০–১২ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

আদালত চারজনকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন—তারা হলেন রিয়াদ, সাকদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন। আর অপর এক অপ্রাপ্তবয়স্ক আসামিকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment