১২ দিনের যুদ্ধ শেষে আকাশসীমা খুলে দিল ইরান

০ মতামত 69 views

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের সঙ্গে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বন্ধ থাকা আকাশসীমা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, তেহরানসহ দেশের প্রায় সব আঞ্চলিক বিমানবন্দর পুনরায় ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে ইসফাহান ও তাবরিজ ব্যতীত সব বিমানবন্দর থেকে সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ইসফাহান ও তাবরিজ বিমানবন্দরেও শিগগির ফ্লাইট চালু হবে। সেসব অঞ্চলে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের কাজ চলছে।

এর আগে, গত ১৩ জুন ইসরাইলি বিমান হামলার জেরে ইরান তার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। জবাবে তেহরান তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে শুরু হয় টানা ১২ দিনের সংঘর্ষ। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুদ্ধবিরতির পরপরই পূর্বাঞ্চলীয় কিছু আকাশপথ পুনরায় চালু করে ইরান। এবার পুরো দেশজুড়ে আন্তর্জাতিক আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আকাশসীমা পুনরায় চালু করার সিদ্ধান্ত ইরানের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বাভাবিকতায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত, এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে।

Leave a Comment