১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

০ মতামত 34 views

গত ১৫ বছরের সাংবাদিকতা কার্যক্রম নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করা হচ্ছে ৩০ হাজার টাকা।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) আয়োজিত পর্যালোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, “বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে এখন স্বাধীন সাংবাদিকতা রক্ষার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার।”

তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কোনও রাষ্ট্রীয় বা বেসরকারি সংস্থা যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। “বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার এতে ন্যূনতম হস্তক্ষেপও করছে না,” বলেন তিনি।

সভায় সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে আলাদা সম্প্রচার কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও বেতন কাঠামো প্রতিষ্ঠার দাবি তোলা হয়। তারা প্রশ্ন তোলে, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও বাস্তবায়নে কেন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

Leave a Comment