দীর্ঘ অনিশ্চয়তার পর ফিফা জানিয়েছে, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালেই। এতে আয়োজক হওয়ার দৌড় থেকে ছিটকে গেছে কাতার।
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী জুন-জুলাইয়ের সময়সূচি চূড়ান্ত হয়েছে। কাতারে হলে ২০২২ বিশ্বকাপের মতো এই আসরও শীতকালে সরাতে হতো। এতে ইউরোপীয় লিগগুলোর সূচির সঙ্গে সংঘাত তৈরি হওয়ার শঙ্কা থাকায় কাতারের আশা শেষ হয়ে গেছে।
ফিফা ইতিমধ্যেই মহাদেশীয় কনফেডারেশনগুলোকে নতুন পরিকল্পনা জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৩২ দলের আসরের পর ২০২৯ সালের টুর্নামেন্টে দলসংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা চলছে। তবে সরাসরি ৪৮ দলে না গিয়ে ধাপে ধাপে সম্প্রসারণের দিকেই ঝুঁকছে সংস্থাটি।
আয়োজক হওয়ার দৌড়ে এখন পর্যন্ত স্পেন ও মরক্কো এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। যদিও পর্তুগাল সেই বিশ্বকাপে সহ-আয়োজক, তবে ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ নেই বললেই চলে।
খেলোয়াড়দের শারীরিক সুরক্ষার কথা ভেবে ফিফা নতুন কাঠামোর পরিকল্পনাও করছে। প্রস্তাব অনুযায়ী মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। এতে জয়ী দলগুলো মূল পর্বে খেলবে। এর আগে শেষ আসরে কনক্যাকাফের প্রতিনিধি নির্ধারণে শেষ মুহূর্তে প্লে-অফ আয়োজন করতে হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতা এড়াতেই এই উদ্যোগ নিয়েছে ফিফা।