আসন্ন ৪৯তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তরা সবাই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১৮৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকালীন প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেতরে ও বাইরে একজন করে মোট ১৮৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারার বিধান অনুযায়ী, পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় এসব ম্যাজিস্ট্রেটরা কার্যকরভাবে দায়িত্ব পালন করবেন।