আসন্ন ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
শনিবার (২ আগস্ট) দুপুর ১টা ৭ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে এটি উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে জানানো হবে।”

এর আগে শুক্রবার (১ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে। গণআকাঙ্ক্ষায় এটিকে বাঁচিয়ে রাখা এবং বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”
একই রাত ১২টা ২ মিনিটে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”
ঘোষণাপত্রের পটভূমি
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে রাজনৈতিক পালাবদল ঘটে। ওই বছরের ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ শুরু করে। শুরু হয় প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক কাঠামোর সংস্কার কার্যক্রম।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে ‘জুলাই ঘোষণাপত্র’ তৈরি করা হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের মৌলিক দর্শন, লক্ষ্য ও ভবিষ্যৎ রাজনৈতিক চুক্তির ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।