জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে সমগ্র জাতি বুক ভরে শ্বাস নিতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন ঘটেছে। সেদিন দেশের মানুষ হঠাৎ করেই বুক ভরে শ্বাস নিতে পেরেছে।”
তারেক রহমান বলেন, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি ভালো পরিবর্তন প্রত্যাশা করছে। প্রত্যেক মানুষ চায় সামনের দিনগুলো ভালো হোক। বাস্তবতা হলো—মুহূর্তেই সবকিছু বদলে যাবে না, কিন্তু উদ্যোগ গ্রহণ করা জরুরি।
তিনি জানান, দেশের মানুষ বিএনপির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরছে। যেহেতু আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির আসার সম্ভাবনা বেশি, তাই জনগণ বিএনপির কাছ থেকে ইতিবাচক পরিবর্তনের সূচনা আশা করছে। “আমাদের সেই শুরুটা করতে হবে,” যোগ করেন তিনি।
দলীয় গণতান্ত্রিক চর্চা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “প্রচলিত একটি কথা আছে—রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেদের ভেতরে তা চর্চা করে না। তারা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? কথাটি ঠিকও, বেঠিকও। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভেতরে সেই প্রক্রিয়া এখনও চালু হয়নি।”