ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল রাখেনি আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। তবে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করার নির্দেশ দেন।
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। রিটটি দায়ের করেছিলেন বামজোট মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম।