নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সব যাত্রী।
গতকাল সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বৌবাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রাপথে বৌবাজার এলাকায় প্রবল স্রোতের তোড়ে বোটটির তলা ফেটে যায় এবং তাতে পানি ঢুকে পড়ে।
ঘটনার সময় চালক দ্রুত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বোটটি একপাশ করে যাত্রীদের নামিয়ে দেন। পরে যাত্রীরা সাঁতরে তীরে উঠে আসেন।
এক যাত্রী বলেন, অতিরিক্ত যাত্রী নেওয়ায় এমন ঘটনা ঘটেছে। চালকের সুন্দর পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।