সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধান উপদেষ্টার

০ মতামত 61 views

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের সকল সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় ‘ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম’ শীর্ষক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইরিনা)-এর ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, সৌর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। যেখানে ভারত মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তান ১৭.১৬ শতাংশ এবং শ্রীলঙ্কা ৩৯.৭ শতাংশ সৌর শক্তি থেকে উৎপাদন করছে, সেখানে বাংলাদেশে এই হার মাত্র ৫.৬ শতাংশ।

দেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ৫,২৩৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫৫টি ভূমিভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে বৈঠকে জানানো হয়।

Leave a Comment