ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পারমাণবিক কর্মসূচি বন্ধে আলোচনার প্রস্তাবের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।
বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, “যদি জেসিপিওএ (ইরান পারমাণবিক চুক্তি) জয়েন্ট কমিশনের সমন্বয়কারী মনে করেন, আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা—তবে তা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন:
ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি কাজা কালাস এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি)-এর মূলনীতি লঙ্ঘন করছেন, যেখানে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের অধিকার স্পষ্টভাবে স্বীকৃত।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২২৩১ এবং জেসিপিওএর নীতিমালার আলোকে ‘স্ন্যাপব্যাক’ পদ্ধতির কোনো বৈধতা নেই। কাজেই তা ভিত্তিহীন।
এ ধরনের মনোভাব ইউরোপীয় ইউনিয়ন, এর সদস্য রাষ্ট্র এবং যুক্তরাজ্যের ভবিষ্যৎ আলোচনায় অংশগ্রহণকে অর্থহীন ও অপ্রাসঙ্গিক করে তোলে।
এর আগে, কাজা কালাস মন্তব্য করেছিলেন যে, “ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা উচিত” এবং আলোচনার পথ খুলে দিতে হবে। তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বা হুমকির প্রসঙ্গ এড়িয়ে যান এবং ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, ইইউ এবং ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলছে।