পাবনার আতাইকুলায় যাত্রীবাহী একটি বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম বাজার এলাকার ঢাকা-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনার শান্তিপুর সোহানগর এলাকার মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী (৪০) এবং অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী “পাবনা এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে সোনা মসজিদ থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বাসের চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।