আন্তর্জাতিক ডেস্ক:
ইরান নতুন কোনো স্থানে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি জানান, মার্কিন হামলার কারণে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে’ পিছিয়ে গেছে, তবে ইরান তা অন্য কোথাও পুনরায় শুরু করতে পারে।
শুক্রবার (স্থানীয় সময়) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, “ইরান এখনো তাদের কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমও বন্ধ করেনি।”
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করেছিল, সম্প্রতি ইরানের একটি পারমাণবিক স্থাপনায় চালানো হামলায় দেশটির কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে। তবে ট্রাম্প আগেই বলেছিলেন, “ইরানের পারমাণবিক সক্ষমতা অভূতপূর্বভাবে ধ্বংস করা হয়েছে।”
গাজা যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প বলেন, হামাস মার্কিন মধ্যস্থতায় দেওয়া প্রস্তাবের প্রতি ‘ইতিবাচক মনোভাব’ দেখিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী সপ্তাহেই একটি চুক্তি হতে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা