বিনোদন ডেস্ক
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ১১ বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। বিচ্ছেদের আট বছর পর সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মিথিলা। জানালেন, শেষ পর্যন্ত বিচ্ছেদ হবে—এটা তিনি মেনে নিতে পারছিলেন না।
এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে মিথিলা বলেন, “তাহসানের সঙ্গে সেপারেশনে থাকার সময় ভাবতাম, হয়তো সব ঠিক হয়ে যাবে, আমরা আবার একসঙ্গে হয়ে যাব। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়নি।”
তিনি আরও বলেন, “যে কোনো বিচ্ছেদই কঠিন। সেটা শুধু বৈবাহিক সম্পর্ক নয়, বন্ধু বা অন্য যেকোনো সম্পর্ক ভেঙে যাওয়াও অনেক কষ্টের।”
২০০৬ সালে ভালোবাসা থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান-মিথিলা। দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরীম খান। বহুদিন একসঙ্গে কাটানো সুখের সময় পেরিয়ে ২০১৭ সালে সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
মিথিলা বর্তমানে একজন সফল অভিনেত্রী ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা হিসেবে কাজ করছেন। বিচ্ছেদ নিয়ে প্রথমবার এভাবে খোলামেলা কথা বলায় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।