বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের জন্য এক মহিমান্বিত অনুকরণীয় দৃষ্টান্ত। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য।”
আজ শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত।
তারেক রহমান বলেন, “হজরত হোসাইন (রা.)-এর শাহাদাত শুধু ইতিহাসের ঘটনা নয়, বরং অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের অনন্য দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক আত্মশুদ্ধির উপলক্ষ। এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে আত্মোৎসর্গের অনন্য ইতিহাস রয়েছে, যা আজকের সময়েও আমাদের প্রেরণা জোগায়।”