আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
সোমবার (৭ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সামান্তা শারমিন লিখেছেন, “হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারী অকাল বৈধব্য বরণ করেছেন! এই কাহিনিগুলো একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ও মলিন হয়ে পড়বে।”
আশুরা উপলক্ষে কারবালার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর সাথীদের আত্মত্যাগ মানব ইতিহাসে ন্যায়বিচার, সত্য ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের উদাহরণ। গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে শক্তি, সাহস, আত্মমর্যাদা ও আত্মত্যাগের অনিঃশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে কারবালার ইতিহাস।”
এর আগে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায় থেকে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গুম, খুন, দমন-পীড়নের অভিযোগ তুলে বক্তব্য দেওয়া হয়েছে। সামান্তা শারমিনের এই মন্তব্যকে রাজনৈতিক মহলে বিতর্কিত হিসেবে দেখা হচ্ছে।