টাঙ্গাইলের ধনবাড়ী-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বাঘিল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে এখন পর্যন্ত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের একজন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার ফুলকুমারী (৩৫) এবং আহতদের একজন বাসন্তী (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী ‘বিনিময় পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাঁচজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের চিকিৎসা চলছে।
ধনবাড়ী থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও অটোরিকশাটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।