বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সোমবার (৭ জুলাই) এক বিবৃতির মাধ্যমে দলটি ঘোষণা করা হয়।
দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার চামিকা করুণারত্নে এবং সাবেক অধিনায়ক দাসুন শানাকা। প্রায় এক বছর পর দলে ফিরলেন শানাকা। অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হওয়ায় জায়গা হারিয়েছেন ভানুকা রাজাপাকসে। দলের নেতৃত্বে থাকবেন চারিথ আসালাঙ্কা।
তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১০ জুলাই ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই ডাম্বুলায়, আর তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোতে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
এদিকে সিরিজ সামনে রেখে আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছোট ফরম্যাটের এই সিরিজে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম। ওয়ানডে সিরিজ খেলা অধিকাংশ খেলোয়াড়ই রয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডেও।
বাংলাদেশ দল এরইমধ্যে শ্রীলংকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
শ্রীলংকার টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।
সিরিজটিকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশায় রয়েছে দুই দেশের সমর্থকরাও।