পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৮ জুলাই) সকালে এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি, প্রবল বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।
আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় পাহাড়ি এলাকাগুলোর বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে এবং যাতায়াতে সাবধানতা বজায় রাখতে।