জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবরার ফাহাদ যে বাংলাদেশপন্থি রাজনীতির পথ দেখিয়ে গেছেন, এনসিপি সেই পথেই রাজনীতি করছে। তিনি বলেন, “দিল্লি না ঢাকা” স্লোগান উঠে এসেছিল আবরার হত্যার প্রতিবাদী মিছিল থেকে—সেই স্লোগান এখন একটি আন্দোলনের রূপ নিয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আবরার ফাহাদ আমাদের যে পথ দেখিয়ে গেছেন, তা ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী পথ। জাতীয় নাগরিক পার্টি সেই পথেই রাজনীতি করছে। এই পথ ধরেই আমরা ‘জুলাই গণঅভ্যুত্থানের’ চেতনায় এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ—সকল শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আমরা ধারণ করি।”
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই বাংলাদেশ নির্মাণে কাজ করছি, যে বাংলাদেশ হবে স্বাধীন, সার্বভৌম এবং আত্মমর্যাদাশীল। আমাদের রাজনীতি সেই বাংলাদেশপন্থি রাজনীতির পুনর্জাগরণ ঘটাতে চায়।”
প্রসঙ্গত, আবরার ফাহাদ ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভারতীয় চুক্তির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর হলের সহপাঠীদের হাতে নির্মমভাবে নিহত হন। তার স্মরণে প্রতিবছর নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন।